ফরাসি ভাষায় একেবারে প্রথম দিকের একটি সাহিত্যকর্মের নাম সন্ত আলেক্সিসের গীত। একাদশ শতকে এটি রচিত হয়েছিল বলে ধারণা করা হয়। এই সংকলনে রয়েছে ৬২৫টি গীত। ৮ম থেকে চতুর্দশ শতক পর্যন্ত ফরাসি ভাষার যে রূপ ছিল তাকে বলা হয় ‘প্রাচীন ফরাসি’ এবং এই প্রাচীন ফরাসিতেই লেখা হয়েছে সন্ত আলেক্সিসের গীত।
এ ধরনের গীতসংকলনকে ফরাসি ভাষায় ‘হাজিওগ্র্যাফিক’ রচনা বলা হয়। গ্রীক শব্দ ‘হাজিও’ অর্থাৎ ‘পবিত্র’ এবং ‘গ্রাফেইন’ অর্থাৎ ‘লেখা’ মিলিয়ে অতীতে কোনও এক সময় শব্দটি সমাসবদ্ধ হয়েছিল। ইস্তাম্বুলের বিখ্যাত (বর্তমানে মসজিদে রূপান্তরিত) রোমান গীর্জার নাম ‘হাজিয়া সোফিয়া’, অর্থাৎ ‘পবিত্র জ্ঞান’। ‘হাজিওগ্র্যাফি’-র কাছাকাছি প্রতিশব্দ হতে পারে আরবি ‘কাসাসুল আম্বিয়া’ বা বাংলা ‘নবীকাহিনি’।