আর্কাইভ
একাধিক দশকের সাহিত্য সংকলন ঘুরে দেখুন।
2025
December 2025 22nd Year 30th Issue
প্রচ্ছদ সম্পর্কে
পোশাক কি স্বাধীনতার প্রকাশ নাকি ব্যক্তিত্বের নির্ধারক করে? যখন একজন নারী নিজের কথা বলে, তখন কি তার বক্তব্যের আগে তাকে তার পোশাক দিয়ে বিচার করতে হবে? "শালীন পোশাক" বা "অশালীন পোশাক" শব্দগুলো কতটুকু ন্যায্য? এ কেমন সামাজিকতা? বাংলাদেশের সমাজে নারীর পোশাক নিয়ে আলোচনা শুরু হতেই দুটি দিকে সবচেয়ে বেশি ফোকাস করা যায়। একটি সমাজ থেকে দেওয়া অনুশাসন, অপরটি নারীর চিন্তার জায়গা। "শব্দ" বা সম্বোধনগুলো কত সহজে একজন নারীর ব্যক্তিত্বকে আঘাত করে! পোশাক আর তার অভিব্যক্তির গণ্ডি পুরুষতান্ত্রিক চিন্তার একটা চিত্র রয়েছে। আবার পোশাক নিয়ে তাকে বিভ্রান্ত করে রাখার প্রবণতাও রয়েছে। কিছু নারী গোঁড়া মানসিকতার পোশাক ধর্মীয় অনুশাসনের সঙ্গে যুক্ত করেছে। এর ফলে নারী কী পরবে, কী পরবে না, তা ঠিক করে দেওয়ার এক অদ্ভুত নৈরাজ্য তৈরি হয়েছে। বর্তমানে এই সমাজে একজন নারীর অশালীনতা হচ্ছে দেখা যায় তার পোশাকের গভীরতার উপর নির্ভর করে। আমার বেশিরভাগ পেইন্টিং-এ আমি এই সমাজ পোশাকের উপর ভিত্তি করে নারীর যে দৃষ্টিভঙ্গি তৈরি করে তা তুলে ধরার চেষ্টা করেছি। আর ছবিটি আমি এ বছরই ক্যানভাসে অ্যাক্রেলিক রং দিয়ে করেছি।
2024
December 2024 21st Year 29th Issue
প্রচ্ছদ সম্পর্কে
অ্যাক্রেলিকে করা আমার “মা” শিরোনামের ছবিটিতে আমি মাটিকে বা আমাদের পাহাড়ি প্রকৃতিকে মায়ের মতো করে দেখতে চেয়েছি। আমাদের ত্রিপুরার পাহাড়ে জুম চাষ হয়। ফসল ফলে। জীবনের জন্ম হয়। একজন মাও জন্ম দেন। সেজন্যই মাটিও আমাদের মা। মায়ের শরীরে যেমন একটি প্রাণ ধীরে ধীরে বেড়ে ওঠে, এই পাহাড়ি শরীরেও ঠিক সেভাবেই বেড়ে উঠছে ছোটো ছোটো প্ৰাণ। মায়ের আঁচলের মতো ঘিরে রয়েছে পাহাড়ি ছড়া বা ঝর্ণার জল। এসব নিয়েই আমার লাল মাটির দেশের সবুজ “মা”।
2023
December 2023 20th Year 28th Issue
প্রচ্ছদ সম্পর্কে
আমরা মানুষেরা মাছ খাই, কিছু মানুষ মাছ খায় না। কিছু মাছ মানুষ খায়, অনেক মাছ মানুষ খায় না। যে মাছেরা যখন মানুষ খায় ,তারা কি জানে যে মানুষ খাচ্ছে? জানে হয়তো বা জানে না। তবে মানুষেরা জানে তারা মাছ খাচ্ছে। মানুষ ইচ্ছে করেই মাছ খায়--কাঁচা, ভাজা, বারবিকিউ, ফিশ ফিংগার আরও যে কত রকমের মাছ খাওয়ার কৌশল-রেসিপি যে তারা জানে! মাছেরা কখনো ইচ্ছে করে মানুষ খায় না, হয়তো খায়, কিন্তু তা আমি কখনো দেখিনি। কথাটা বললাম এই অর্থে যে, কখনো কোনো মাছকে স্থলে এসে মানুষ ধরে খেতে দেখিনি। কেমন হতো, যদি মাছেরাও সমুদ্র থেকে দলে দলে উঠে এসে মানুষ শিকার করে নিয়ে যেত? হয়তো মানুষকে জিততে পারত না, কারণ মানুষেরা জিম করে রে বাবা, তাদের আলাদা যুদ্ধ করার বাহিনী আছে, বুলেট প্রুফ জিনিসপত্র আছে, আরও কত কী যে আছে …! যাই হোক, মানুষকে জিততে না পারলেও মাছেরা মাছেদের কিন্তু শিকার করে গিলে খায়। ডিসকভারি চ্যানেলে দেখেছি, দেখেছি মাছ কাটতে গিয়ে, পেট চিরে ফেলতে গিয়ে। বড়ো মাছ ছোটো মাছকে, ছোটো মাছ আরও ছোটো মাছকে খাবে এটাই মনে হয় সমুদ্রে জীবনগুলির টিকে থাকার নিয়ম। আরও অনেক নিয়ম থাকতে পারে হয়তো যা আমি জানি না। যেমন, আমাদের মানুষের কত রকম নিয়ম আছে, অপরাধের নিয়ম, শাস্তির নিয়ম, যুদ্ধ করার নিয়ম, যুদ্ধে গিয়ে শহিদ হওয়ার নিয়ম, সমুদ্রে মাছ ধরতে গিয়ে হারিয়ে গেলে মাছকে, হাওয়াকে, সমুদ্রকে অভিযুক্ত করার নিয়ম, ইতিহাস, ইত্যাদি ইত্যাদি । আচ্ছা মানুষের মতো মাছেরাও কি শাস্তি পায়? ওদের কি ফাঁসির ব্যবস্থা আছে? কবর আছে? জানি না। জানি না তাই এটা একটা ‘অভিযুক্ত মাছ আর সমুদ্র’-র গল্প--আর কিছু না। আমি শুধু গল্প আঁকি।
2022
December 2022 19th Year 27th Issue
প্রচ্ছদ সম্পর্কে
ছোটোবেলায় বাবার আঁকা দুর্গা ঠাকুর, লক্ষ্মী ঠাকুর দেখে ছবির জগতে আমার প্রথম স্বপ্ন দেখা শুরু হয়। তার পর সেই কল্পনা আঁকা হতো উঠোনে, লেখার খাতার ফাঁকা জায়গায়, কখনও খাবারের থালায়। সেই কল্পনার সৃষ্টি অবিরাম চলতে থাকে। স্কুলের পর আর্ট কলেজ খুব ভালোভাবেই চলছিল, ঠিক সেই সময় কলেজের প্রথমবর্ষেই আমি গভীরভাবে অসুস্থ হয়ে পড়ি। ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত আমার যে কলেজ জীবন তা ছিল অসম্পূর্ণ। বিয়ের পর যা হয়, বাবা, মা, বোন এমনকি ছবি আঁকা থেকেও দূরে থাকার অভ্যাসটুকু করতে হল। ছবির সৃষ্টি তখন প্রায় বন্ধ বললেই চলে। কিন্তু যেখানে শেষ সেখানেই আবার শুরু। আমার ছেলে জন্মানোর পর যেমন আমার মধ্যে মায়ের জন্ম নেয়, তেমনি আরও কিছুদিন পর ছবির জগতেও আমার নতুন করে জন্ম নেওয়া। পাই আবার নতুন এক জীবন, যেখানে আছে গতি, সৃষ্টি। সেখান থেকে যেন আমার বাবারও আমাকে নিয়ে আবার স্বপ্ন দেখা শুরু হয়। আর ছবির বিষয় হয়ে ওঠে আমার দৈনন্দিন জীবন। জীবনের ভালো, মন্দ, বিশেষ করে মেয়েদের নানা সমস্যা, সামাজিক সমস্যা তার সঙ্গে কিছু হাসিঠাট্টা সবই আমার ছবির বিষয়। “জীবন চক্র” ছবিটি বলতে গেলে আমাদের জীবনকে সামগ্রিকভাবে দেখার একটি প্রয়াস মাত্র। ছবিতে আছে মনুষ্য খুলি, ধুতুরা ফুল ও বীজ যা আমি ছবিতে খুব নান্দনিকভাবে বা নাটকীয়ভাবে সাজিয়েছি। এ আমার একটা নিজস্ব চিন্তা ভাবনা, যেখানে প্রকৃতি বেড়ে ওঠে প্রকৃতভাবে কিন্তু আমাদের বিচারবুদ্ধি সেখানে অনেক আলাদা, যা অনেক সৃষ্টির মাঝেও ভয়াবহ ধ্বংসের কারণ হয়ে ওঠে। ছবিটি ২০১৯ সালে লখনউ (ভারত) ললিতকলা ন্যাশনাল ক্যাম্প-এ আঁকা, তখন আমি MFA 3rd Semester-এ পাঠরত। ছবিটি অ্যাক্রিলিকে আঁকা। আমি দৈনন্দিন জীবনের সমস্যা নিয়েই বেশি ছবি আঁকি, তার মাধ্যমে আমি দর্শকদের অনুভূতির সঙ্গে একাত্ম হতে চেষ্টা করি।
2021
December 2021 18th Year 26th Issue
প্রচ্ছদ সম্পর্কে
গত দুই বছর ধরে পৃথিবীতে এক ধরনের থমকে থাকার মতো একটা পরিস্থিতি বিরাজ করছে। আমরা বুঝেও না বোঝার কারণে বার বার পরিস্থিতিকে খারাপ করে তুলছি যার কারণ হয়তো অসতর্কতা, অসচেতনতা এবং বর্তমানের এই অস্বাভাবিকতা। আমার জীবনে এই প্রথম এত বড়ো বিপর্যয়ের সম্মুখীন হলাম। বর্তমান সময়টা বেঁচে থাকার থেকেও বেশি টিকে থাকার লড়াই। অর্থনৈতিক, মানসিক ও শারীরিকভাবে আমরা এই বিশ্বমারি থেকে বাঁচার জন্য অনেক বিধি-নিষেধের মধ্য দিয়ে যাচ্ছি যার একটি হল বন্ধ বা লকডাউন। যা হয়তো এই বিশ্বমারি প্রতিরোধে করার একমাত্র পথ কিন্তু তা আমাদের মতো মধ্যম আয়ের জাতির জন্য খুবই অমানবিক পরিস্থিতির জন্ম দিতে পারে। এই বন্ধ বা লকডাউন আমাদেরকে অর্থনৈতিক এবং মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছে। আমার এই পারিপার্শ্বিক অবস্থা আমার মধ্যে এই কৃৎকলা তথা পারফরমেন্স আর্টের ভাবনা জোগায়। কৃৎকলা এমন একটি মাধ্যম যেখানে নিজের শরীরকে ব্যবহার করে একটি স্থানে সেই সময়টি ধারণ করার চেষ্টা করা হয়। ক্যানভাস, রং, তুলির ব্যবহারে যেমন ছবি বা কথা, সুর, তালের সমন্বয়ে যেমন করে সংগীত গড়ে ওঠে ঠিক তেমনি কৃৎকলা মাধ্যমটি গড়ে ওঠে স্থান, সময় এবং শিল্পীর শরীরের উপস্থিতির মাধ্যমে। কৃৎকলা ১৯৬০ সাল থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তের শিল্পীরা অনুশীলন করে আসছেন। কৃৎকলা বা পারফরমেন্স আর্ট এবং পারফরমিং আর্টের পার্থক্যগুলি খুব সূক্ষ্ম যার কারণে প্রথম ধরনের কাজ অন্তর্ভুক্ত হয় দৃশ্যশিল্পে এবং অন্যটি মঞ্চশিল্পে। প্রচ্ছদে ব্যবহৃত কাজটির শিরোনাম ‘খোলাবন্ধ'। এটির সময়কাল ২১ মিনিট। এটি ২০২১ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকায় অনুষ্ঠিত হয়।
2019
December 2019 17th Year 25th Issue
প্রচ্ছদ সম্পর্কে
ভাবনাটার শুরু এই ‘আমি’কে নিয়েই। প্রশ্ন হচ্ছে “আমি কে?” তার উত্তর হতে পারে আমি হচ্ছি সে, যে...“নারী, ক্ষমতা, অবদমিত, জন্ম নেওয়ার আগেই খুন হয়ে যাওয়া ভ্রূণ, খিদের আগুনে জ্বলা লক্ষ-কোটি জঠর...” আমি তার কোনওটিই হতে চাইনি... আমি হচ্ছি পুরো একটি প্রজন্ম যাকে অন্ধ ও পঙ্গু করে দেওয়া হচ্ছে... প্রচ্ছদে ব্যবহৃত কাজটির শিরোনাম : ইন সার্চ অব ...। ছবিতে ব্যবহৃত উপাদানের মধ্যে রয়েছে সুতো, কাপড়, কাগজ, কালি এবং অ্যাক্রেলিকের পাত। কাজটি করা হয়েছে ২০১৭ সালে।
2018
December 2018 16th Year 24th Issue
প্রচ্ছদ সম্পর্কে
মফস্সল শহর থেকে ঢাকায় আসা স্বল্পশিক্ষিত মুন রহমান (উচ্চ মাধ্যমিকের পরেই বিয়ে হয়ে যায়) বাংলাদেশের চারুকলা জগতে এক ব্যতিক্রমী সংযোজন। অনেকটা পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার নূরগ্রামের শিল্পী শাকিলার মতোই তাঁর আত্মপ্রকাশ। শিল্পী স্বামীর ঘর করতে করতে, দুটো সন্তানের লালন-পালনে ব্যস্ত প্রথাগত সাংসারিক জীবনের কোনও এক ফাঁকে একদিন নিজেরই অজান্তে মুন কাগজ টেনে নেন। একদিকে স্বতঃস্ফূর্ত রঙের ছোপে কাগজে ফুটে উঠতে থাকে নানা অভিব্যক্তি তো অন্যদিকে স্বামীর ব্যবহৃত ছাপচিত্রের যন্ত্রে অম্লক্ষয়ণকৃত ধাতবপটে ছাপা হয়ে বেরোয় প্রায়-বিমূর্ত ধাঁচের ছবি। চিত্র বা শিল্পশালার রক্ষক-পরিচালকদের জহুরি নজর এড়াল না তাঁর এসব কাজ। মুনের শিল্পকর্মের আয়োজক-প্রদর্শক শিল্পী ওয়াকিলুর রহমানের ভাষায়: মুনের প্রাতিষ্ঠানিক শিল্পশিক্ষার অভিজ্ঞতা নেই। শিল্পের ইতিহাস, বাজার, গ্যালারি, প্রদর্শনী, সমালোচক এসবও তিনি বোঝেন না। তবে তাঁর চোখ আছে, আছে অনুভূতি, বোধ, বুদ্ধি এবং চিত্র তৈরির তাড়না। শঙ্কাহীনভাবে প্রচলিত ব্যাকরণ না জেনে বা মেনে ক্যানভাসে, কাগজে মুন যে দৃশ্যপট তৈরি করেন তা সরলতায়, স্পষ্টতায় ও বলিষ্ঠতায় অনন্য। বিমূর্ত ধাঁচের এসব ছবি যেন ইঙ্গিতময় সাংকেতিক ভাষায় কথা বলে।
2017
December 2017 15th Year 23rd Issue
প্রচ্ছদ সম্পর্কে
হাজার হাজার বছর ধরে মানুষ তার নিজস্ব বাসভূমিকে চিত্রিত করে এসেছে দেওয়াল চিত্রের মাধ্যমে। দেশে দেশে এই দেওয়াল চিত্রের রকম আলাদা আলাদা হয়। সর্বত্র যে জিনিসটার মিল পাওয়া যায় তা হল জীবনের সব কিছুর মধ্যের ছন্দবদ্ধতা। এই গ্রহের কোনও কিছুই ছন্দের বাইরে বিরাজ করে না। আমি সেই ছন্দকে নিজের মতো করে আবিষ্কার করার চেষ্টা করি। আমার ছােটোবেলায় দেখা স্মৃতি আজও আমাকে তাড়িত করে। বিহার ও বাংলার সংযোগস্থলে আদিবাসী অধ্যুষিত অঞ্চলের এমন বহু দেওয়াল চিত্র আমার চেতনাকে উৎসাহিত করে। সেই কারণে আমি চিত্র পট তৈরি করি মাটির প্রলেপ দিয়ে। এর ফলে খণ্ড একটি দেওয়ালের অংশ চিত্রিত করতে আনন্দ পাই। শহর অথবা গ্রাম, যে কোনও জীবনের আনন্দ উৎসব, প্রাত্যহিক কর্মকাণ্ড আমার ছবির বিষয় বস্তু। উগ্র আধুনিকতার চাপে হারিয়ে যেতে বসা যে জীবন তাকে আমার মতো করে চিত্রপটে ধরে রাখার চেষ্টা করি। বিশ্ব প্রকৃতিতে মানুষের অবস্থান এবং তার ক্রিয়াকর্ম ও জীবনযাপন আমার ছবির বিষয়বস্তু। পশ্চিমবঙ্গেশঙ্করপুর ও দক্ষিণ ভারতের সমুদ্রের ধারের বেশ কিছু অঞ্চল ঘুরে অমূল্য সব অভিজ্ঞতা লাভ করি। ওইসব অঞ্চলের মৎস্যজীবীদের জীবনযাত্রা আমাকে কৌতুহলী করে। ছবিতে রূপান্তরিত হয়েছে সেইসব অভিজ্ঞতা। ছবি করার আগে কাগজের ওপর কাপড় আঠা দিয়ে বসিয়ে মাটি দিয়ে দেওয়াল-লেপার মতো একটা আস্তর তৈরি করি। এরপর ছবিটাআঁকি গুঁড়ােরঙের সঙ্গে আঠা মিশিয়ে টেম্পারা পদ্ধতিতে। এই ছবিটির সৃষ্টি ২০০৪ সালে।
2016
December 2016 14th Year 22nd Issue
প্রচ্ছদ সম্পর্কে
দিনভর অনেক ভাবনা আর কল্পনার জগত আমায় ভর করে। যেমনি কবি কাব্য রচনা করেন, সুরের তারের মুছনায় শিল্পী সুর তোলেন, তেমনি রং আর রেখার ভাবনায় আমিও ডুবে যাই সুদুর নির্মল আবহাওয়ায়। স্মৃতির দুয়ারে ভেসে আসে শৈশবের অনেক পাঠ। মা বলতেন, “দেখ তো বিড়ালগুলো কী করছে?” কাছে যেতেই বিড়ালগুলোও ছুটে যেত। কখনো দূরে, কখনো খেলার ভঙ্গিমায় আবেগে গুটিগুটি পায়ের কাছে, আবার কখনো মা-বিড়ালের কোল ঘেঁষে। স্মৃতির পাতা থেকে ৩ x ৩ মাপের একটি পরিসরে হঠাৎই যেন বিড়ালগুলো পরিবার হয়ে আমার ভাবনার জায়গাটি দখল করে নেয়। হয়ে ওঠে আমার ছবিতে ‘বিড়াল পরিবার’ বা ‘Cats Family’। জগতের জটিলতা-কুটিলতা থেকে মুক্ত হয়ে একত্রে বসবাসের চেষ্টা। বাঙালির ঐতিহ্যের অসাধারণ এক বন্ধন খুঁজে পাই আমি এই বিড়ালগুলোর মাঝে, তাদের আচরণে। অত্যন্ত সীমিত রং, রেখা আর তুলির আঁচড়ে বিড়ালগুলোর আনন্দ আর সুখ খুঁজতে চেয়েছি আমি এই ছবিটিতে। সবুজ-হলুদ আর সাদা-কালো রঙের মিশ্রণে সাবলীল তুলির টানে তাদের আপন পরিবেশ গড়ে তুলেছি চিত্রপটটিতে। পরিবারের সবাইকে কাছে পেয়ে যেন মা-বিড়ালটি অনেক তৃপ্ত। অ্যাক্রিলিক রঙে তুলির বলিষ্ঠ আঁচড়ে আমি খুঁজে পাই বাঙালির গ্রামীণ জীবনের অতি পরিচিত সাধারণ জীবন। আধুনিক জটিল শিল্পপ্রকাশ থেকে সবসময় অনেক দূরেই থাকতে চাই। সহজ রূপকল্পের প্রয়োগে আনন্দই যেন ভরে থাকুক আমার এই বিড়াল পরিবারে। ছবির ভাষায় তাই যেন সকল শিল্পরসিককে আনন্দ দেয়। ক্যানভাসে ২০১৫ সালে আঁকা আমার এই শিল্পকর্মটি।